গুচ্ছ কবিতা
আলো ও আয়না
১
কোকিল
দেখা
যাচ্ছে না
তার
ডাকটাই
শোনা
যাচ্ছে শুধু
একটা
অদৃশ্য কুহুডাক
ছড়িয়ে
পড়তে পড়তে
বসন্ত
এনে দিচ্ছে
বিধুর
শীতশহরে
২
কাঁচের
ফুলদানি
এভাবে
ভেঙেছে ;
ছড়িয়ে
পড়েছে
ফুলের
কাঁচা মন
এদিকে
ওদিকে
ভেঙে
যাওয়া
তাকে
গুছিয়ে তুলতে
পারছে
না কোনভাবে
৩
মা
জোনাকি
চেনায়
শিশুকে
জোনাকি
মানে
ছোট
ছোট জ্বলে ওঠা
শিশু
জ্বলে
ওঠা শেখে
বিপুল
অন্ধকারে
৪
জামাকাপড়
কাচি
সাবানজলে
ব্রাশ ডুবিয়ে
ঘষি
জামার হাতা,
কলার, পকেট
তবু, কেচে ফেলা জানে,
জামার
ময়লাই তুলেছি শুধু,
মনের
ময়লা তুলতে পারিনি
আজও
অনিঃশেষ!
শুভ্রাশ্রী
মাইতি



0 মন্তব্যসমূহ