ব্যবসায়ী
উল্টোদিকের
গাড়ি ঘনঘন আসে। ডাউন বনগাঁ, হাবড়া, দত্তপুকর,
হাসনাবাদ, সব লোকাল চলে গেল। কিন্তু একটা
গাড়িও আমার দিকে আসল না। বিরাটি যাবো, দুটো মাত্র স্টেশন।
বিকেল চারটের থেকে মিটিং। ছয় মিনিটের পথ তিরিশ মিনিট বসে বসে ঘামছি ।
ক্যান্টনমেন্ট স্টেশনের মাথায় যেখানে শেড শেষ হবে, সেখানে পিলারের পাশে প্লাস্টিকের বস্তা কেটে তাই ছড়িয়ে বসেছেন এক বৃদ্ধা। টিপের পাতা, চুলের ক্লিপ, সেফটিপিন, বাদাম, গজা, চানাচুরের প্যাকেট, আদা-রসুন,.. কী নেই তার কাছে!
তাকে
ঘিরে বসেছে বাড়িতে বাড়িতে ঘরকন্নার কাজ করা মেয়েরা। বনগাঁ থেকে বারাসত, কাজ শেষে যে যার বাড়ি যাবে। রেলস্টেশনে, বা রেলগাড়িতে জিনিসপত্রের দাম কম হয়। মোসাম্বি, বেদানা,
কমলা, আঙুর, ঋতু অনুসারে
পাওয়া যায়। এখন আবার অনেকে কাঁচা হলুদ, ডুমুর, ঢেঁকি শাক, তেঁতুল এসব নিয়েও বসে। মেয়েদের
কম্পার্টমেন্টে এখন মেয়ে হকাররাই বেশি ওঠে। কেনাকাটাও প্রচুর। বিক্রেতা আর
খরিদ্দার সবাই সুবিধা পাচ্ছে। অর্থাৎ রেল কেন্দ্রিক সমাজে মেয়েদেরও একটা রাজত্ব
গড়ে উঠেছে।
স্কুল
এখনও ছুটি হয়নি। তবে প্লাটফর্মে ছুটতে থাকা ছেলে-মেয়েদের আকার ও পোশাক দেখে
বুঝলাম, ওরা হায়ার সেকেন্ডারিতে পড়ে।
তিনটা কুড়িতে ওদের ছুটি হয়।
মেঝেতে বসে থাকা বৃদ্ধা দোকানীর পাশের সিমেন্টের যে বসার থান, সেখানে কয়েকটি মেয়ে বসে আছে। এখানে ট্রেনের
মহিলা কামড়া এসে থামে। তাই এই বসার থান, মেয়েদের দখলে।
একটু দূরে কয়েকটি বড়ো ছেলে দাঁড়িয়ে । সেখান থেকে এদিকে দুঃখী দুঃখী চোখে
তাকিয়ে আছে। আর সেই হ্যাংলা দৃষ্টি টেনে ধরে, মেয়েগুলো
মিটমিট করে হাসছে।
সেখানে মেয়েদের ভিড়,
দাঁড়ানো উচিত নয়, তবু দাঁড়িয়ে পড়লাম,
নানারকম ভাবে সেই বৃদ্ধার বানিজ্য বৃত্তির অসাধারণ প্রয়োগ দেখে–
–নাও নাও , এই দামে পাবানা। শ্মশানে কি কিছু নিয়া
যাইতে পারবা ? খাইয়া মরো।
পাশ থেকে আর একজন বলে উঠলো,
– ও দাদি, উনি শ্মশানে যাবেন না, কবরে যাবেন।
একথা শুনে
সবাই তার দিকে ঘুরে তাকালো। প্রৌঢ় মহিলার গায়ের রং টকটকে ফর্সা। শাড়ি পরা, মাথায় ঘোমটা টানা। না কপালে সিঁদুর বা হাতে শাঁখা
নেই। দাদি কথার রেশ ধরলেন,
–
হেয়াতে কী ? কবরে যাও, আর
শ্মশানে যাও…অন্তিমে যাইতে হবে একই জায়গায়।
বৃদ্ধার কথা
কেউ অস্বীকার করতে পারলাম, দুয়েকজন
সম্মতিতে কথাও বলে উঠল – সে তো ঠিকই।
আরে নেও নেও, আদা হইল মহাঔষধ।
একটা প্লাস্টিকের প্যাকেটে পাঁচশো গ্রামের মতো আদা গিঁট মেরে সাজিয়ে রাখা। যাকে বললেন , সে মহিলা অতটা আদা নিতে চাইছিল না।
উচ্চমাধ্যমিক পড়া বড়ো বড়ো ছেলে মেয়েরা ছুটে বেড়াচ্ছে। স্থানীয় হওয়ার সুবাদে বুঝলাম ওরা এখানকার হিন্দি স্কুলে পড়ে। ক্যান্টনমেন্টে দুটো হিন্দি স্কুল। দমদম, বেলঘরিয়া , সোদপুর, দুর্গানগর, বিরাটি, এমন কি বারাসাত থেকেও হিন্দিভাষী ছেলে-মেয়েরা এখানে পড়তে আসে।
দুটো মেয়ে সিমেন্টের থানে বসে বসে উই দিকে চেয়ে থাকছে, কথা বলছে, আর হেসে গড়িয়ে পড়ছে। তাদের পড়নে স্কুলের সালোয়ার কামিজ।
বৃদ্ধা যেমন বাড়িতে কাজ করে বাড়ি ফেরা মেয়েদের কাছে বিক্রি করে, তেমন এই ছেলেমেয়েদের কাছেও বাদাম, চানাচুর, গজা, আলুর চিপস,
বিক্রি করে।
একটু আগে দুটো ছেলে কাছে এসে মেয়ে দুটোকে বলেছিল,
– মুমফলি খিলাও না…
যুবতী
সাপিনীর মতো ফুঁসে উঠে একটি মেয়ে বলল,
–
তেরে মাম্মি নে কেয়া মেরে পাস পয়সা দে’কে
রাখ্যি হ্যায় ?
মেয়েটির কথা বলার ধরণ দেখে ছেলেটি একেবারে চুপসে গেল। ছেলেটির উচ্ছল কিন্তু নম্র, উৎসাহী কিন্তু কোমল, সাহসী কিন্তু বিনয়ী ভাব দেখে অন্যান্যরা কেউই মেয়েটিকে সমর্থন জানালো না, বরং – ক্যায়সে বোলতি হ্যায় …বলে তাকে একটু নিন্দাও করল।
এবারে খেই ধরলেন সে দোকানী। চারটি বাদামের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, –নাও সবাই মিলে খাও।
– আপকো একবার বোলি থি না…, কে, আব মেরি পাস প্যয়সা নেহি হ্যায় ?
–আমিও বলছি, এখন নাও। পয়সা যেদিন পারবে দেবে।
সবার মধ্যে পড়ে, নিজের কথার দোষ অনুভব করে, মেয়েটি একটু নরম হল, এবং হাত বাড়িয়ে নিল।
– ওদের দুজনকে ডাকো। ওদের দাও।
চারদিকের সবার মনের ভাব বুঝে এবার মেয়েটি লজ্জা পেল। তার পাশে বসা মেয়েটি হাত নাড়িয়ে ওদেরকে ডাকল। আর ডাক পেয়েই সঙ্গে থাকা ছেলেটি, ধমক খাওয়া ছেলেটিকে ঠেলতে ঠেলতে নিয়ে এল ওদের কাছে।
আসতেই একজন দুটো বাদামের প্যাকেট ওদের হাতে দিল। সেটা নিয়ে ছেলে দুটো আবার লাজুক মুখে ফিরে গেল।
দোকানী বৃদ্ধা আবার শুরু করলেন –
–ছেলেরা হইল, চিরকালের নাবালক।
ওগো যেমন শাসন করতে হয়, তেমন আদরও করতে হয়।
–
হা হা, বো নাবালিক নেহি হে, অন্দর সে পুরা মর্দ।
তার কথা বলার ভঙ্গি দেখে সবাই হেসে ফেলল।
– হ্যাঁ, মরদ তো হবেই। তোমার মতো মাতারিরে সামলাইতে হবে না!
উপস্থিত সমাবেশে আবার সমবেত হাসি ধ্বনিত হলো।
হাসি থামলে আর একটি মেয়ে এগিয়ে এসে বলল, – মিঠা কুছ হ্যায় কেয়া ?
দোকানী
একটু ঝুঁকে চারটি গজার একটি প্যাকেট টেনে বের করল। প্লাস্টিকের প্যাকেটটি পুরনো।
ঘষা খেয়ে খেয়ে দেখতে বেশ খারাপ লাগছে। মেয়েটি প্যাকেটটি দেখেই ঠোঁট ওল্টাল।
দোকানী তার মনের ভাব বুঝতে পেরে বণিকা বুদ্ধি প্রয়োগ করতে লাগলেন।
–
কি পছন্দ হোচ্ছে না ?
মেয়েটির
মুখের দিকে তাকিয়ে বলল,
–একটা কাম কোরো। তোমার ছেলে বন্ধুদের বোলাও। ওদের খাওয়াও। যদি খারাপ লাগে
পয়সা নেব না।
বৃদ্ধার প্রস্তাবে একটু দূরে দাঁড়িয়ে থাকা ছেলে দুটো যেন হামলে
পড়ল।
–
দাও, দাও, খাইকে দেখতে
হে…
বয়োভিজ্ঞা নারী জানেন, ছোটো-মোটো দোষ ছেলেরা ধরে না ? দেখতে পায় না।
প্যাকেট খুলে চারটে গজা থেকে দুটো নিয়েই ছেলেদুটো মুখে ঢুকিয়ে দিল।
একটি
মেয়ে তাদের খাওয়ার ভঙ্গি দেখে বলল–
রাকষস।
–
হা , অর তুম সীতামাঈ !
মেয়েদুটোও এর পরে হাত বাড়িয়ে নিল, মুখে দিল। ভালো বা মন্দ বিচার এরপরে আর কেউ করল না।
একটি ছেলে এগিয়ে এসে বলল, –মা-সী, আপকি মাল থোরা পুরাণা থা, পাঁচ রূপিয়া কম লিজিয়ে।
– না’রে বাপু, আমার কিছু থাকবে না নে। দু’দিন পরে পয়সা দাও,
কোনো অসুবিধা নাই।
আর বাবা, আমি তো তোদের দেখলাম… আমারেও একটু দ্যা…অ্যা…খ…
ছেলে দুটোর মুখ বন্ধ হয়ে গেল।
আর বেশি সময় এই দৃশ্য দেখা যাবে না। কেননা এক্ষুণি খবর হল– “আপ ঠাকুরনগর লোকাল দুই নম্বর প্লাটফর্মে আসছে।”



0 মন্তব্যসমূহ