সাম্প্রতিক

6/recent/ticker-posts

অভিজিৎ পালচৌধুরী:অনুবাদ কবিতা:চার্লস বুকোওস্কি

 


অভিজিৎ পালচৌধুরী অনূদিত কবিতা

মূল কবিতা  : Little

কবি  : চার্লস বুকোওস্কি


ছোট্ট 

                                   

ছোট্ট সূর্য, ছোট্ট চাঁদ, ছোট্ট কুকুর

আর ছোট্ট একটু খাওয়া,

ছোট্ট একটুকরো ভালোবাসা

আর বেঁচে থাকার মত ছোট্ট একটা কারণ

 

ছোট্ট একটা ঘরে

যা ভরে আছে একঝাঁক ছোট্ট ইঁদুরে

যারা আমি ঘুমোলে কামড়ায়,

নাচে আর ছোটাছুটি করে

অপেক্ষা করছে একটা ছোট্ট মৃত্যুর

কোনো এক ছোট্ট সকালের

মাঝামাঝি সময়ে

 

ছোট্ট একটা শহরে

ছোট্ট একটা রাজ্যে

আমার ছোট্ট মা মৃত

আমার ছোট্ট বাবা মৃত

কোথাও কোনো একটা

ছোট্ট কবরখানায় ।

 

আমার কাছে কেবল

ছোট্ট একটু সময় আছে

তোমাকে এই কথাটা বলার:

 

সাবধান থেকো

সেই ছোট্ট মৃত্যুটার থেকে,

যখন সে দৌড়ে আসবে

 

কিন্তু অন্য কোটি কোটি ছোট্ট মৃত্যুর মতোই

শেষমেশ যার কোনো মানে থাকবে না,

বা সবকিছুই থাকবে :

 

তোমার সব ছোট্ট ছোট্ট কান্নাগুলো

নিষ্পাপ ঘুঘুপাখির মতোই পুড়বে,

ব্যর্থ অপচয় হয়ে ।

 


মূল কবিতা  :
Little  

কবি  : চার্লস বুকোওস্কি

 চার্লস বুকোস্কি (১৯২০ - ১৯৯৪ )

আমেরিকার সুবিদিত সমকালীন কবি ও গদ্যকারদের মধ্যে অন্যতম ।

 

 



অভিজিৎ পালচৌধুরী





 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ