সাম্প্রতিক

6/recent/ticker-posts

প্রিয়াঙ্কা চৌধুরী : কবিতা

 


দুটি কবিতা



ধর্ম

তীব্র গ্রীষ্মকাল। দেবদারু গাছ একা। 

পাখি বসে ডালে, ডালে। 

বাসা বানানোর ফাঁকে, ছানা খাওয়ানোর ফাঁকে, বালুতে স্নানের ফাঁকে, উড়ে যায় খাবার কুড়োতে- 

 

এইটুকু চাল দিও। গম দিও৷ জল দিও, তোমাদের ঝুলন্ত দালানে..

 

চড়ুই, শালিক পাখি উড়ে উড়ে খেয়ে নিতে পারে। 

 

ওরা শুধু দেখে নেয়, আমাদের পেটভরে যথেচ্ছ খাওয়ার পরে

 

দুটো দানা দিয়ে দিতে পারি?

 


ব্লসম

 

চেরিফুল ফোটে সাতদিন

বসন্তের মৃদু ডাক এলে 

 

সারা বিশ্ব জুড়ে কানাঘুষো 

এই বুঝি ফুল ফুটে গেল! 

 

এল, এল দিনক্ষণ দেখো 

পর্যটক। ভিক্ষুণী। শ্রমণ। 

 

সকলেই ঝাঁকে ঝাঁকে আসে। 

কেউ দেশে। কেউ বা প্রবাসে৷

 

সকলেরই প্রতীক্ষা যেখানে-  

সাদা সাদা ছোট ছোট ফুল 

 

এই ফুটে এই ঝরে গেল

মাঝে মাত্র সাতটিই দিন 

 

চেরি জানে, দীর্ঘ হলে আয়ু 

এত প্রেম কখনও পেত না...

 

 


 প্রিয়াঙ্কা চৌধুরী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ