গুচ্ছ কবিতা
প্রত্যাবর্তন
বারে বারে
এসে দাঁড়িয়েছ অনাহূত
সেই এক দিক
নির্দেশ চিহ্নের মতো
দেখিয়েছ পথ
প্রিয় সন্তানকে
কৈশোর থেকে
প্রতিটা ভুলে
দেখো, আজ এসেছে সে-ও বিনা আহ্বানে
ঠিকানা বিহীন, সেতু পুড়িয়ে
তাকে পার
করাও মাঝের উপত্যকা
রাখাল ছেলের
বেশে নিয়ে চলো মাউন্ট পান্ডিমের নীচে
শূন্য, সমাহিত
সব দূরত্ব
ভুলে এসে দাঁড়াই তোমার কাছে
এত জন্মের
ক্লান্তি, পাকদণ্ডীর ওঠানামা
মনে হয় আমি
এক পথ হারানো নাম
শূন্যের ভেতর
আরও এক শূন্য
তোমার নীরবতা
তবু এক স্রোতস্বিনী
স্থিতি, শান্তি, সমাহিতি
আজ বুঝি, প্রতিটা
দূরত্ব আসলে আমারই মায়া
প্রতিটা
নিশ্বাস, প্রতিটা না-থাকার
ছায়া
সন্নিধি
যেভাবে
খুঁজেছি তোমায়, তুমিও কি খোঁজনি সেভাবে!
সেই এক
চৈত্রের দুপুরে কীভাবে এসে দাঁড়ালে ছায়া হয়ে!
দিলে মুক্তি, দিলে
অনাসক্তি
সে কি শুধু
আমার বিভ্রম!
নাকি তুমিও
লুকিয়ে রেখেছ কোথাও
তোমার
প্রতিভাস!
যদি শ্রমণের
বেশে দাঁড়াই, পারবে চিনতে!
নাকি রয়ে যাবে দূর পাহাড়ে ধ্যানস্থ মুনি হয়ে
রাজেশ কুমার

.jpg)

0 মন্তব্যসমূহ