নিজের ছায়ায় লুকিয়ে
প্রতিটি অন্ধকারের শব্দ ভেসে যায় ঘুমের ভেতর
ছুঁয়ে যায় প্রতিদিন অনাদৃত ছায়া
অন্তরাল
সকল নগ্ন শরীর মিশে যায় মেঘের নরমে
ভিজে যায় বৃষ্টি বন্দনায় নীলকন্ঠ পাখির ডানা
এত স্পর্শ কাতরতা পাতাঝরা সময়ের মাটি জানে
জীর্ণ সময় ডাকে বাউণ্ডুলে জীবনের অন্ধকার
সকল শিকারী স্বচ্ছ চেহারায় দুর্গম চিহ্ন খোঁজে
কুখ্যাত রাতের নীল জানে দুর্বহ আস্তাকুঁড়ের উল্লাস
প্রতিদিন ত্রিনয়ন রশ্মি মাখে কান্না ভেজা মাটি
ধ্রুপদী উচ্চারণ ভুলে গেছে প্রথম কবি কথা মা নিষাদ
একটুখানি উদাস সময় জড়িয়ে বুকে সবুজ উজান
সূর্য জলে ভেসে যায় প্রতিদিনই কিছু তর্পণ ফুল
সকল ঋণের দায় জড়িয়ে পাঁজরে শুকনো সাদা রঙে
শান্তির মায়ায় চোখের কোণ ভেজায় রক্ত জালিকা
এখন উর্বরা সময় খোঁজে মানুষের স্পর্ধিত মুখ
নিজের ছায়ায় লুকিয়ে আমার আত্মার প্রবঞ্চনা
বিকাশ চন্দ



0 মন্তব্যসমূহ