মূল কবিতা : রসুল গামজাতভ
অনুবাদ: সত্যপ্রিয় মুখোপাধ্যায়
স্বপ্নে তোমায়
বৃষ্টির ফোঁটা ঝরছিল চৌকাঠে -- স্বপ্নে তোমায় দেখেছি মোহিত
হয়ে,
তুষারধবল পাহাড়ের দিন কাটে -- স্বপ্নে তোমায় দেখেছি মোহিত হয়ে।
সকালবেলার মেঘহীন আকাশেরা -- স্বপ্নে তোমায় দেখেছি মোহিত
হয়ে,
গ্রীষ্ম শস্যে মাঠেরা সবুজে ঘেরা -- স্বপ্নে তোমায় দেখেছি
মোহিত হয়ে।
নিশ্চুপ জলে সোয়ালোর ডোবাওঠা -- স্বপ্নে তোমায় দেখেছি
মোহিত হয়ে
কখনো উধাও, কখনো আবার জোটা --
স্বপ্নে তোমায় দেখেছি মোহিত হয়ে।
বাতাসের টোকা পাতাদের নড়াচড়া -- মধুর শিশির শোভা তার চলে
বয়ে,
আমাকে সদাই ব্যাকুল রেখেছ তুমি -- স্বপ্নে তোমায় দেখেছি
মোহিত হয়ে।
তুমি প্রিয়তমা রমণী আমার কাছে, কেটেছে সময় হৃদয়ের কথা কয়ে,
সারাটা সকাল, সারটা রাত্রি আমি
স্বপ্নে তোমায় দেখেছি মোহিত হয়ে।
রসুল গামজাতভ (১৯২৩–২০০৩) ছিলেন দাগেস্তানের আভার ভাষার বিশ্বখ্যাত কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। তাঁর কবিতায় মানবতা, দেশপ্রেম, প্রেম, যুদ্ধবেদনা ও লোকজ সংস্কৃতির গভীর প্রকাশ ঘটেছে। পিতা গামজাত সাদাসা ছিলেন দাগেস্তানের জনপ্রিয় কবি। রসুল গামজাতভের সবচেয়ে বিখ্যাত কাব্য ‘ঝুরাভলি’ (“Cranes”), যা পরে একটি অমর রুশ গানে রূপ নেয়। তাঁর রচনা বহু ভাষায় অনূদিত হয়েছে এবং সোভিয়েত সাহিত্যজগতে তিনি বিশেষ মর্যাদা লাভ করেন। সহজ অথচ গভীর আবেগময় ভাষাশৈলী তাঁকে বিশ্বসাহিত্যে স্বতন্ত্র স্থান দিয়েছে।




1 মন্তব্যসমূহ
তুমি আমার অভিনন্দন নাও।তোমার পত্রিকা খুব সুন্দর হচ্ছে।
উত্তরমুছুন"এবং সই কথা " ক্রমশ আরও পরিণত হয়ে উঠছে।